অবৈধ নির্মাণ: অজয় দেবগনের জুহুর বাংলোর অংশবিশেষ ভেঙে দিল বুলডোজার

অবৈধ নির্মাণ: অজয় দেবগনের জুহুর বাংলোর অংশবিশেষ ভেঙে দিল বুলডোজার

ফন্ট সাইজ:

বলিউড অভিনেতা অজয় দেবগনের মুম্বইয়ের জুহু এলাকার বাংলোর একাংশ ভেঙে দিয়েছে বৃহন্মুম্বই পৌর করপোরেশন (বিএমসি)। অনুমোদনহীন নির্মাণকাজের অভিযোগে কাজ বন্ধের নোটিশ দেয়ার কয়েক দিন পর এ পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। ৭ হাজার ৮০২ বর্গফুটের বাংলোটি জুহুর কাপোলে কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

পৌর কর্তৃপক্ষের অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই বাংলোটিতে অভ্যন্তরীণ পরিবর্তন, পার্টিশন দেয়াল নির্মাণ, জানালায় পরিবর্তনসহ বিভিন্ন ধরনের কাঠামোগত কাজ চলছিল। এ কারণে ১০ই সেপ্টেম্বর মুম্বই মিউনিসিপ্যাল করপোরেশন আইনের ৩৫৪এ ধারায় আনুষ্ঠানিক নোটিশ জারি করে বিএমসি। নোটিশে অবিলম্বে নির্মাণকাজ বন্ধ এবং বৈধ অনুমোদনসংক্রান্ত নথিপত্র জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। তবে অভিযোগ, নোটিশ উপেক্ষা করেই নির্মাণকাজ চালিয়ে যাওয়া হয়। এরপর পৌর করপোরেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করেন এবং অবৈধ বলে চিহ্নিত নির্মাণের অংশবিশেষ ভেঙে দেন।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কর্মকর্তারা হাতুড়ি দিয়ে আঘাত করে নির্মাণের অংশ ভেঙে ফেলছেন। এদিকে, ‘ভিমল ইলাইচি’র বিজ্ঞাপনে অংশ নেয়াকে কেন্দ্র করেও বিতর্কে জড়িয়েছেন অজয় দেবগন। এ বিষয়ে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) তার পাশাপাশি অভিনেতা শাহরুখ খান ও টাইগার শ্রফকেও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। মহারাষ্ট্র এফডিএ’র প্রধান তুকারাম মুন্ধে, যিনি ‘সিংহাম’ নামে পরিচিত, বলেছেন, বিজ্ঞাপনটি নিষিদ্ধ কোনো পণ্যের পরোক্ষ প্রচারণা হিসেবে ব্যবহৃত হচ্ছে কি না, সে বিষয়ে উদ্বেগ থেকেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এসব বিতর্কের মধ্যেই বক্স অফিসে সাফল্য ধরে রেখেছে অজয় দেবগনের অপরাধ-রহস্যনির্ভর চলচ্চিত্র সিরিজ ‘দৃশ্যম’-এর তৃতীয় ও শেষ কিস্তি। বিশ্বব্যাপী বক্স অফিসে ছবিটি ৪০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে।

অভিষেক পাঠক পরিচালিত ছবিটি গত ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর ছবিটি বেশির ভাগ ক্ষেত্রেই ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। অভিনয়, টানটান রহস্য এবং কাহিনির অপ্রত্যাশিত মোড়ের প্রশংসা করেছেন সমালোচকরা।