সৌদি আরবের বিভিন্ন এলাকা ভ্রমণে বৃটেনের সতর্কতা

হুতিদের হামলা বাড়ছে

সৌদি আরবের বিভিন্ন এলাকা ভ্রমণে বৃটেনের সতর্কতা

ফন্ট সাইজ:

ইয়েমেনে হুতিদের হামলা বাড়তে থাকায় সৌদি আরবের বিভিন্ন এলাকায় অতি জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করতে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে বৃটেন। দেশটির পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) হালনাগাদ ভ্রমণ নির্দেশনায় এ সতর্কতা জারি করেছে। নির্দেশনায় সৌদি আরবের রাজধানী রিয়াদ, জেদ্দা ও দাম্মাম ছাড়াও আসির, নাজরান ও জিজান প্রদেশ, তায়েফ শহরের কথা উল্লেখ করা হয়েছে। সৌদি আরবের বিমানবন্দরগুলোতেও অতি জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এফসিডিও। তবে মদিনা আন্তর্জাতিক বিমানবন্দরকে এ সতর্কতার আওতার বাইরে রাখা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

বৃটিশ সরকার সতর্ক করে বলেছে, সৌদি আরবের বিমানবন্দর, সামরিক ঘাঁটি, সমুদ্রবন্দর ও জ্বালানি অবকাঠামোর পাশাপাশি লোহিত সাগরে চলাচলকারী জাহাজের ওপর হামলার ঝুঁকি বেড়েছে। আরও হামলা এবং ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা প্রবল বলেও জানিয়েছে তারা। ইয়েমেন ও সৌদি আরবকে ঘিরে সংঘাত নতুন করে তীব্র হওয়ার মধ্যে গত ১৩ই জুলাই থেকে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। এর পরিপ্রেক্ষিতেই নতুন এই ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে।

সৌদি আরবে অবস্থানরত বৃটিশ নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা, পরিস্থিতির পরিবর্তনের ওপর নজর রাখা এবং বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে নিজেদের ফ্লাইটের অবস্থা যাচাই করার আহ্বান জানিয়েছে এফসিডিও। যারা সৌদি আরব ছাড়তে চান, তাদেরকে নিরাপদ হলে এবং সংশ্লিষ্ট দেশের প্রবেশসংক্রান্ত শর্ত পূরণ করা সম্ভব হলে স্থলপথে প্রতিবেশী কোনো দেশে গিয়ে সেখান থেকে বিমানে ভ্রমণের বিষয়টি বিবেচনা করার পরামর্শও দেয়া হয়েছে। এদিকে সৌদি আরব-ইয়েমেন সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ বহাল রেখেছে বৃটেন। এফসিডিও সতর্ক করেছে, সরকারি ভ্রমণ নির্দেশনা উপেক্ষা করে যাত্রা করলে ভ্রমণবিমার সুরক্ষা বাতিল হয়ে যেতে পারে।