হরমুজ প্রণালিতে মাইনের সঙ্গে ধাক্কা, ২০ লাখ ব্যারেল তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ
প্রতীকী ছবি

হরমুজ প্রণালিতে মাইনের সঙ্গে ধাক্কা, ২০ লাখ ব্যারেল তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় নৌ-মাইনের সঙ্গে ধাক্কা লেগে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের শিকার হয়েছে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি ট্যাংকার। ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডস (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ট্যাংকারটি তেহরানের অনুমোদন না থাকা একটি পথ দিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ অতিক্রমের চেষ্টা করছিল। তাদের ভাষায়, এভাবে চলাচল ছিল অবৈধ। তবে ট্যাংকারটির নাম, কোন দেশের পতাকাবাহী জাহাজ, এর মালিকানা, গন্তব্য কিংবা এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি। ইরানের দেয়া এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভবও হয়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করা হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ প্রণালি দিয়ে তেল ও অন্যান্য জ্বালানিপণ্য পরিবহন করা হয়। ফলে এখানে জাহাজ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানিবাজারে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা থাকে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ ঘটনার খবর এল। ইরান এমন সব নৌপথ ব্যবহার না করতে জাহাজগুলোকে সতর্ক করেছে, যেগুলোকে তেহরান অননুমোদিত বলে মনে করে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে বারবার জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। বিভিন্ন হামলা এবং নৌমাইনে আঘাত লাগার খবর বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তবে তেলবাহী ট্যাংকারটিতে মাইনে আঘাত লাগার বিষয়ে ইরানের দাবির সত্যতা এবং ঘটনার বিস্তারিত এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।