সাদুল্লাপুরে দুই ভাইয়ের বিরোধ, ছোট ভাই নিহত

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাদুল্লাপুরে গোয়ালঘর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে বাঁশের লাঠি ও ইটের আঘাতে গুরুতর আহত মো. আজিজুল মিয়া (৫৪) মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টা ৩৯ মিনিটে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার জসিম উদ্দীন। এদিকে বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের ইসবপুর (পশ্চিম) গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আজিজুল মিয়ার বাড়ির সামনের উঠানে তার আপন বড় ভাই জসিজল হকের সঙ্গে গোয়ালঘর নির্মাণ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে বাঁশের লাঠি ও ইট দিয়ে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আজিজুল।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওইদিন বিকাল ৪টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে আজিজুলের মৃত্যু হয়। এ ঘটনার সত্যতা স্বীকার করে বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা বলেন, এ ধরনের ঘটনা আমাদের কাম্য নয়। এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ব্যবহৃত বাঁশ ও ইট আলামত হিসেবে জব্দ করা হয়। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্ত করা হয়েছে। আজিজুল মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।