নরসিংদীর পলাশ উপজেলায় পৃথক ঘটনায় শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার ঘোড়াশাল পৌরসভার আটিয়াগাঁও এবং ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া-কান্দাপাড়া ও কামতাল এলাকায় এসব ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত ব্যক্তিরা হলেনÑ মো. সাইফুল্লাহ (৪০), হেলেনা বেগম (৪৫), হাফিজা বেগম (৬০), খালেক মিয়া (৪০), মো. আল আমিন (৪০), তাসলিমা বেগম (৪৮), আনোয়ারা বেগম (৪৫), শাহিদা বেগম (৪৩), আবদুস সাত্তার (৬৫) ও সালেহা বেগম (৪৫)। তারা ঘোড়াশাল পৌরসভা ও ডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা। আহত ব্যক্তিরা জানান, ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত আটিয়াগাঁও, খিলপাড়া ও কামতাল এলাকায় কয়েকটি শিয়াল বিভিন্ন স্থানে মানুষকে কামড়ায়। কেউ ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন, আবার কেউ বাড়ির আঙিনা কিংবা আশপাশে কাজ করছিলেন।
এ সময় তারা শিয়ালের আক্রমণের শিকার হন। তবে কতোটি শিয়াল এসব ঘটনায় জড়িত ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। আহত মো. আল আমিন জানান, ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে একটি শিয়াল হঠাৎ তার পায়ে কামড় দেয়। আশপাশের লোকজন ছুটে এলে শিয়ালটি পালিয়ে যায়। পরে তিনি নরসিংদী সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা ও টিকা নেন। এলাকায় শিয়ালের আক্রমণ নিয়ে আতঙ্ক বিরাজ করছে বলেও জানান তিনি। আটিয়াগাঁওয়ের বাসিন্দা এইচ এম কাউসার হোসেন বলেন, শুক্রবার ভোরে ওই গ্রামের খালেক মিয়া ও আরও দুই নারীকে একটি শিয়াল কামড় দেয়। পরে স্থানীয় লোকজন শিয়ালটিকে ধাওয়া করে একটি বাড়ির পাশের গর্তে ফেলে হত্যা করেন। নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিপাশা মাসুক জানান, শিয়ালের কামড়ে আহত ১০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের জলাতঙ্ক প্রতিরোধী টিকাকেন্দ্র থেকে তাদের প্রত্যেককে টিকা দেয়া হয়েছে। চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন।
