বান্দরবান হাসপাতাল সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

বান্দরবান হাসপাতাল সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

ফন্ট সাইজ:

দীর্ঘদিনের ভোগান্তি থেকে সাধারণ মানুষকে সাময়িক স্বস্তি দিতে অবশেষে বান্দরবান হাসপাতাল সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি’র উদ্যোগে সড়কটির সংস্কার কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও হাসপাতালে আসা রোগী-স্বজনরা। শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সদর হাসপাতাল সড়ক পরিদর্শন করেন এবং সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি হাসপাতাল সড়কে চলাচলকারী রোগী, স্বজন ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, জনগণের ভোগান্তি লাঘবে দ্রুত সময়ের মধ্যে সড়কটির পূর্ণাঙ্গ মেরামতের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক বলেন, সড়কটির বেহাল অবস্থার খবর পাওয়ার পর পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী এমপি সংস্কার কাজের জন্য অর্থ বরাদ্দের ব্যবস্থা করেন। এর পরিপ্রেক্ষিতে বান্দরবান পৌরসভা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় আপাতত জনদুর্ভোগ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। তবে এলাকাবাসীর প্রত্যাশা, সাময়িক সংস্কারের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সড়কটির পূর্ণাঙ্গ মেরামত সম্পন্ন করে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা হবে। এ সময় বান্দরবান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লুৎফর রহমান, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ইউনিট অফিসার আবু বিন মো. ইয়াছির আরাফাত, প্রশাসনিক কর্মকর্তা করুণা বড়ুয়া, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।