মাদারীপুরে সৌদিফেরত কৃষকের বসতঘর পুড়িয়ে দেয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি জাকির সরদার (৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাকির কালকিনির চর সাহেবরামপুর গ্রামের মৃত এমদাদুল সরদারের ছেলে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি থেকে ফিরে এসে ১০ বছর আগে জমি কিনে কালকিনির ‘চর সাহেবরামপুর’ গ্রামে টিনের ঘর নির্মাণ করেন নদীভাঙনের শিকার কৃষক হাবিবুর রহমান হাবলু শিকদার (৭০)। নিজের ক্রয়কৃত জমি নিয়ে শুরু হয় প্রতিবেশী কামালের সঙ্গে বিরোধ। পরে ২০২২ সালে আদালতের দ্বারস্থ হন হাবলু। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিপক্ষ।
পরে কামালের প্রতিবেশী ৫ বছরের এক শিশুকে দিয়ে কৃষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনা হয়। গত ৫ই অক্টোবর বিকালে নির্ধারণ করা হয় আপস-মীমাংসা। সেখানে হাবলু উপস্থিত না হলে ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে কৃষকের বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। পরে তার বসতঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায় কামাল ও জাকির শিকদারসহ তাদের লোকজন। পরে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় বসতঘর। পরদিন ৬ই অক্টোবর ১৬ জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগীর স্ত্রী দোলোয়ারা বেগম। কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানান, এ ঘটনায় বাকি আসামিদের শিগগিরই গ্রেপ্তার করা হবে। এ ছাড়া তদন্ত শেষ হলে দ্রুত আদালতে চার্জশিট দেয়া হবে।
