অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অনস্বীকার্য: বিমানমন্ত্রী

অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অনস্বীকার্য: বিমানমন্ত্রী

ফন্ট সাইজ:

সরকারের ভাবমূর্তি রক্ষায় অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি। মন্ত্রী বলেন, বর্তমানে কিছু নিষিদ্ধ গোষ্ঠী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। সরকারের ভাবমূর্তি রক্ষায় অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীগণকে এগিয়ে আসতে হবে। দেশের প্রতি দায়িত্ববোধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে ভূমিকা গ্রহণ করতে হবে। শুক্রবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণসহ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও গরিব ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সাধারণ জনগণের স্বস্তি নিশ্চিতের রাজনীতি করে।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের গ্যাস বিদ্যুৎ সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছি। তবে বিশ্বের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় জনসাধারণকে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত। এই ৪০ কোটি হাত যদি দেশের জন্য কাজ করে তবে অচিরেই দেশ উন্নতির শিখরে পৌঁছবে। মন্ত্রী আরও বলেন, বহির্বিশ্বে বর্তমান সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে। আমেরিকা সফরে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাক্ষাৎ হয়েছে।

সাক্ষাতে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের পোশাক খাতের ভূয়সী প্রশংসা করেছেন। উপস্থিত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় রাজনীতিবিদ এবং সরকারি কর্মচারীদের একসঙ্গে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি থাকবে। কিশোর কিশোরীদের পড়াশুনার পাশাপাশি খেলার মাঠে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। এর আগে বকশীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করেন মন্ত্রী।