ডেঙ্গু কেড়ে নিলো তরুণ ফুটবলার জুনায়েদের প্রাণ

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জুনায়েদ আহমেদ (২০) নামে এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জুনায়েদ কুলিয়ারচর পৌরশহরের কামালিয়াকান্দি মহল্লার ফালু মিয়ার ছেলে। পেশায় ইলেকট্রিশিয়ান হলেও স্থানীয় ফুটবল অঙ্গনে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত মুখ। তিনি স্থানীয় ‘বাজরা ব্রাদার্স ফুটবল একাদশ’র অধিনায়ক হিসেবে মাঠে সতীর্থদের নেতৃত্ব দিয়ে আসছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন জুনায়েদ। বৃহস্পতিবার জ্বর কিছুটা কমলেও সন্ধ্যার দিকে হঠাৎ অবস্থার অবনতি হতে শুরু করে।

পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডেঙ্গু শনাক্ত হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি ঘটলে তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবনতি হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকায় নিয়ে যাওয়ার পথে নরসিংদীর পোড়াদিয়া এলাকায় মৃত্যুর কোলে ঢলে পড়েন এই তরুণ ফুটবলার। তার মৃত্যুর খবরে স্থানীয় ক্রীড়াঙ্গন, পরিবার ও বন্ধুদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।