ময়মনসিংহের নান্দাইলের রসুলপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে দুইপক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত তিনজনের মধ্যে দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে ঢাকায় চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় উভয়পক্ষই পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ই অক্টোবর সকালে ওই গ্রামে জমি নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মঞ্জুরুল হক, মোফাজ্জল হোসেন ও রুহুল আমিনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মোফাজ্জল ও শিক্ষক রুহুল আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন বুধবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
অভিযোগকারী জুয়েল মিয়ার দাবি, প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে তাদের রেকর্ডকৃত পৈতৃক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। ঘটনার দিন প্রতিপক্ষের হামলায় তার ভাই মোফাজ্জল গুরুতর আহত হন। এ ছাড়া পরদিন বৃহস্পতিবার বাজার থেকে বাড়ি ফেরার পথে তার বাবা আব্দুর রহিমের ওপর হামলা চালানো হলে তিনিও গুরুতর আহত হন। অন্যদিকে অপর অভিযোগকারী মোস্তাফিজুর রহমান জানান, রসুলপুর দরবার শরীফের পাশের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। পূর্বে কয়েকদফা সালিশ হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ থেকে থানায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
