নবীগঞ্জে দেবপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি ও উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক জালাল আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গজনাইপুর ইউনিয়নের আইনগাঁও গ্রামের মৃত ফিরোজ মিয়ার স্ত্রী রুনু বেগম ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে লিখিত বক্তব্যে তিনি বলেন, নিজ মালিকানাধীন ভূমিতে বসতবাড়ি নির্মাণের জন্য গত ২২শে সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে সীমিত পরিসরে মাটিকাটার অনুমতি নেয়া হয়। সরকারি অনুমতি থাকা সত্ত্বেও ৩রা অক্টোবর ভূমিতে মাটিকাটার কাজ শুরু করলে এলাকার চিহ্নিত দাঙ্গাবাজ ও চাঁদাবাজ মুর্শেদ মিয়া (৪৭), বিএনপি সভাপতি জালাল মিয়া (৫০), আ. হামিদ (৫৫), আ. আহাদ (৪৫), কদ্দুস মিয়ার (৬০) নেতৃত্বে আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় আমাকে এবং উপস্থিত শ্রমিকদের ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখায়, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কাজ বন্ধ করে দেয়।
এমনকি গাড়ি আটকে দিয়ে আমাকে এবং আমার পরিবারকে খুন করে লাশ গুম করার প্রকাশ্যে হুমকি দেয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআই হবিগঞ্জকে নির্দেশ দেন। মামলা দায়েরের পর থেকেই আসামিরা আরও বেপরোয়া হয়ে ওঠে। তারা বলছে, মামলা প্রত্যাহার না করলে আমাকে বিভিন্ন মিথ্যা মামলায় আসামি বানিয়ে পুলিশি হয়রানি করবে এবং এলাকা থেকে পিটিয়ে তাড়িয়ে দেবে। এমনকি তারা আমার মানসম্মান হানি করার নানা অপচেষ্টা ও প্রাণে হত্যার ষড়যন্ত্র চালাচ্ছে। শুধু তাই নয়, আসামি জালাল গং পিবিআই-এর তদন্তকারী অফিসারকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ম্যানেজ করার অপচেষ্টা চালাচ্ছে এবং এমন হাজারটা মামলা করলেও আসামিদের কিছুই করা যাবে না মর্মে হুমকি দিয়ে বেড়াচ্ছে।
