মানিকগঞ্জের দৌলতপুরে সরকারি বরাদ্দের সার অন্য উপজেলায় পাচারের সময় স্থানীয় কৃষকদের হাতে ধরা পড়েছেন এক সাব-ডিলার। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ওই সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সমেতপুর প্রধান সড়কে এ ঘটনা ঘটে। জরিমানাপ্রাপ্ত সাব-ডিলার হাবিবুর রহমান হবি দৌলতপুর উপজেলার ‘দীপু ট্রেডার্স’-এর একজন সাব-ডিলার। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দের সার বেশি দামে বিক্রির উদ্দেশ্যে পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নবদিয়া গ্রামের মামুন মিয়া নামে এক ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল।
সারবোঝাই একটি ভ্যান নাগরপুরের দিকে যাওয়ার পথে সমেতপুর প্রধান সড়কে স্থানীয় সচেতন কৃষক ও সাধারণ জনতা সেটির গতিরোধ করেন। এ সময় ভ্যানে থাকা ১১ বস্তা সার আটক করে তারা তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে খবর দেন। সংবাদ পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। তিনি অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২ লাখ টাকা জরিমানা করেন। আটক করা ১১ বস্তা সার বর্তমানে উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে।
