পাল্টে যাচ্ছে যশোরের সুইপারদের জীবনযাত্রা

পাল্টে যাচ্ছে যশোরের সুইপারদের জীবনযাত্রা

ফন্ট সাইজ:

যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের (সুইপার) ভাগ্যের পরিবর্তন ঘটাতে নান্দনিক প্রোগ্রাম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন যশোর এলজিইডি কর্তৃপক্ষ। তাদের পরিবার-পরিজনের বসবাসের জন্য স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ১৫ কোটি টাকা ব্যয়ে যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড সংলগ্ন তালতলা সুইপার কলোনিতে নির্মাণ করা হচ্ছে ৪৮টি ফ্ল্যাট সংবলিত দু’টি সুউচ্চ ভবন। সকল প্রকার আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই ভবন দু’টি নির্মাণের পর পৌরসভার মধ্যস্থতায় যশোর শহরের ঝালাইপট্টি ও তালতলা সুইপার কলোনিতে বসবাসকারী ৪৮টি পরিবারকে এসব ফ্ল্যাট হস্তান্তর করা হবে। তারা এই ফ্ল্যাটে বসবাস করবে। এর ফলে দীর্ঘদিনের পুঞ্জীভূত আবাসিক সমস্যা থেকে রক্ষা পাবে যশোর শহরের পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত সুইপার বা পরিচ্ছন্নতা কর্মীরা। এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান জানান, এই ভবনের কাজ শুরুর পরপরই যশোরের রেলস্টেশন সুইপার কলোনিতে আরও ৭ তলাবিশিষ্ট ৪টি ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।

একই ডিজাইনের এই ভবনগুলোর নামকরণ করা হচ্ছে ক্লিনার্স কোয়ার্টার। রাজধানী ঢাকার পর যশোরেই প্রথম এই জাতীয় প্রকল্পের সফল বাস্তবায়ন হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এর জন্য যশোর-৩ সদর আসনের এমপি বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের একান্ত আন্তরিক প্রচেষ্টায় এই প্রকল্প গ্রহণ করা সম্ভব হয়েছে।
এদিকে শুক্রবার সকালে যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে নির্মিতব্য সাত তলাবিশিষ্ট ৪৮টি ফ্ল্যাটের দু’টি আবাসিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাদের আবাসন সমস্যা সমাধান এবং জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সুবিধা উন্নত হবে এবং তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রকল্পটির প্যাকেজ নম্বর চউ/চঙজও.অইঅঝঐঅঘ/ঔঅঝঐঙজঊ.ড১.৪৭। এর ঠিকাদারি প্রতিষ্ঠান মীম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড, বনপাড়া, নাটোর। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।