নোটিশের পরও ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

ফন্ট সাইজ:

মানিকগঞ্জের শিবালয়ে নদীভাঙনের ঝুঁকিতে থাকা কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধ রাখতে লিখিত নোটিশ দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তবে নোটিশের পরও ভবনটির একটি কক্ষে পাঠদান চালিয়ে যাচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে গত ৮ই অক্টোবর জারি করা নোটিশে বলা হয়, বিদ্যালয়টির দ্বিতল ভবনটি পদ্মা নদী থেকে মাত্র ১০-১৫ ফুট দূরে অবস্থিত। ভবনটির পাশের নদীর গভীরতা প্রায় ৬০-৭০ ফুট। যেকোনো সময় ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ৯ই অক্টোবর থেকে ওই ভবনে পাঠদান বন্ধ রাখার অনুরোধ জানানো হয়। কিন্তু সরজমিন দেখা যায়, ঝুঁকিপূর্ণ ভবনটির দু’টি কক্ষের মধ্যে একটিতে পাঠদান চলছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শামিনুর রহমান বলেন, বিদ্যালয়ে অতিরিক্ত কক্ষ না থাকায় অধিক ঝুঁকিপূর্ণ কক্ষে পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। অপর কক্ষে পাঠদান চালিয়ে যাবেন। কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে পাঠদান চালানো যায় কি না, জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করবেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজী বলেন, তিনি বিদ্যালয়টি একাধিকবার পরিদর্শন করেছেন। ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধ রাখতে প্রধান শিক্ষককে লিখিত নোটিশ দেয়া হয়েছে। এরপরও পাঠদান চললে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।