বিসিএসের এক গেজেটে নাম আরেক গেজেটে বাদ গেলেন পারভেজ

বিসিএসের এক গেজেটে নাম আরেক গেজেটে বাদ গেলেন পারভেজ

ফন্ট সাইজ:

এক বিসিএসে আনসার ক্যাডারে গেজেটভুক্ত, অথচ পরের বিসিএসে পুলিশ ক্যাডারের চূড়ান্ত গেজেটে নাম নেই কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম-মহিদপুর গ্রামের সন্তান নূরে আলম পারভেজের। কেন বাদ পড়লেন তা জানেন না তিনি। নিজের বিরুদ্ধে কী তথ্য এসেছে, কোন মূল্যায়নে এমন সিদ্ধান্ত এসব প্রশ্নের উত্তর চেয়ে ন্যায়সঙ্গত মূল্যায়নের দাবি জানিয়েছেন ওই কর্মকর্তা। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের পরও ৪৫তম বিসিএসের পুলিশ ক্যাডারের চূড়ান্ত গেজেটে জায়গা হয়নি তার- এমনটাই দাবি করেছেন তিনি। ৪৪তম বিসিএসে আনসার ক্যাডারে গেজেটভুক্ত হয়েছিলেন তিনি। প্রায় চার বছর পর এই বিসিএসের নিয়োগের প্রক্রিয়া শেষ হলো। ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ১১ মাস পর গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত বুধবার রাতে প্রকাশিত গেজেটে ১ হাজার ৭০২ জন প্রার্থীর নাম রয়েছে। তবে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ করা ১ হাজার ৮০৭ জনের মধ্যে বাদ পড়েছেন ১০৫ জন। গেজেট থেকে বাদ পড়া ১০৫ জনের মধ্যে একজন হলেন কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম-মহিদপুর গ্রামের সন্তান নূরে আলম পারভেজ। তার শঙ্কা, গোয়েন্দা প্রতিবেদনে তাকে ছাত্রলীগের বড় নেতা হিসেবে উপস্থাপন করা হয়ে থাকতে পারে। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকার কারণে মিছিল-মিটিংয়ে অংশ নিতে হয়েছিল বলে দাবি তার।

কলেজ জীবনে ভোটাধিকারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নিয়েছেন বলে জানান তিনি। ২০২৪ সালের জুলাই আন্দোলনে ১৬ই জুলাই থেকে অংশ নেয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। বলেছেন, সেই সময়ের ছবি ও ভিডিও ফুটেজ রয়েছে তার কাছে। ‘আমার অপরাধটা কোথায়? অভিযোগ থাকলে তা জানা এবং জবাব দেয়ার সুযোগ কি আমার প্রাপ্য নয়? এমন প্রশ্ন তার। প্রতিশোধ কিংবা বিশেষ সুবিধা চান না বলে জানিয়েছেন তিনি। চান নিজের বিরুদ্ধে আসা তথ্য ও সিদ্ধান্তের ভিত্তি জানতে, আর ন্যায়সঙ্গত মূল্যায়ন। গেজেটে নাম না থাকা তার কাছে এখন শুধু একটি সিদ্ধান্ত নয়, অজানা অনেক প্রশ্নের ভার। সেই প্রশ্নগুলোর উত্তর জানতে চান ৪৫তম বিসিএসের পুলিশ ক্যাডারের গেজেট থেকে বাদ পড়া এই কর্মকর্তা।