শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০শে অক্টোবর (মঙ্গলবার) থেকে ২৪শে অক্টোবর পর্যন্ত বিআরটিসি বিশেষ এই সার্ভিস পরিচালনা করবে। আজ শুক্রবার থেকে সারা দেশে বিআরটিসি’র ২২টি ডিপো থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
পাশাপাশি রিজার্ভের ব্যবস্থা রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রাম এবং আন্তঃজেলার বিভিন্ন রুটের জন্য ২০০টি বাস প্রস্তুত রেখেছে বিআরটিসি। তবে যাত্রী সাধারণের চাহিদার ভিত্তিতে বাসের সংখ্যা বাড়ানো হবে।
ঢাকার মতিঝিল বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস স্ট্যান্ডবাই রাখা হবে। দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যাত্রীদের বিআরটিসি’র নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিআরটিসি।
