জাতীয় সংসদের শূন্য ঘোষিত মহিলা-২৩ আসনের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম আজ থেকে বিক্রি করবে ক্ষমতাসীন দল বিএনপি। বৃহস্পতিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত শিডিউল অনুযায়ী আগামী ১২ই নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত মহিলা-২৩ আসনের সংরক্ষিত নারী আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে আরও বলা হয়, উক্ত নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী নারী প্রার্থীদেরকে ১৬ই অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম উত্তোলন করতে অনুরোধ করা হলো। দলীয় মনোনয়ন ফরম পূরণ করে ১৭ই অক্টোবর একই স্থান ও সময়ে জমা দিতে হবে বলেও বিবৃতিতে বলা হয়।
