বাংলাদেশের সংগীতাঙ্গনের গুণী সংগীতশিল্পী তপন চৌধুরী আজ থেকে ১০ বছর আগে ঢাকা ক্লাবে নিজের সংগীত জীবনের পথচলার চার দশকের একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এবার তার সংগীত জীবনে পথচলার হাফ সেঞ্চুরি অর্থাৎ ৫০ বছরের অনুষ্ঠানের আয়োজন করছেন। আগামী ১২ই ডিসেম্বর কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য ‘তপন চৌধুরীর সংগীত জীবনের ৫০ বছরের পথচলা উৎসব’র আয়োজন করছে রূপতনু মিউজিক একাডেমি ও টরন্টো ঢাকা ক্লাব। নিজের সংগীত জীবনের পথচলার ৫০ বছর এক উৎসবের মধ্যদিয়ে উদ্যাপিত হচ্ছে বিধায় ভীষণ আনন্দিত তপন চৌধুরী। তিনি বলেন, আমার সংগীত জীবনের দীর্ঘদিনের পথচলায় আমি অনেক কিছু পেয়েছি। অনেক অর্জন, অনেক প্রাপ্তি। গুণিজনদের স্নেহ ভালোবাসা, কোটি কোটি দর্শক শ্রোতার অপরিসীম ভালোবাসা আর সবার দোয়া। আমি যখন ৪০ বছরের অনুষ্ঠান করি তখন আমার নিমন্ত্রণে অনেকেই এসেছিলেন আয়োজনে। বিশেষত শ্রদ্ধেয় রুনা লায়লা আপা আমার অনুষ্ঠানে দীর্ঘ সময় ছিলেন।
এমন গুণী একজন শিল্পীর উপস্থিতি আমার আয়োজনকে অন্য এক মাত্রায় নিয়ে গিয়েছিল। আমি আন্তরকিভাবে কৃতজ্ঞতা জানাই রূপতনু মিউজিক একাডেমি ও টরন্টো ঢাকা ক্লাবের প্রতি। কারণ এ দু’টি প্রতিষ্ঠানের প্রবল আগ্রহেই টরন্টোতে এই আয়োজন সম্ভব হচ্ছে। আশা করি, টরন্টোতে আমাকে ঘিরে এই আয়োজন সুন্দর হবে। তপন চৌধুরী জানান, অনুষ্ঠানে তিনি ১৫টি বা তার বেশি গান পরিবেশন করবেন। যার মধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলো- ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘এ এমন পরিচয়’, ‘দিনে কি রাতে’, ‘কান্দো কেনে মন’, ‘কতো কাঁদলাম’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’, ‘আমি সবকিছু ছাড়তে পারি’সহ বেশকিছু জনপ্রিয় গান। প্রদর্শনীর বিনিময়ে আগ্রহীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
