ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মাহি ভিজ প্রাক্তন প্রেমিকদের নিয়ে খোলামেলা মন্তব্য করে আলোচনায় এসেছেন। রিয়েলিটি শো ‘বিগ বস-২০’র সহ-প্রতিযোগী গুল্লু ও কনিকার সঙ্গে আলাপকালে নিজের অতীত সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি। মাহি জানান, তার প্রাক্তন প্রেমিকরা এখনো তাকে মনে করেন। এমনকি তাদের কেউ কেউ মদ্যপ অবস্থায় ফোন করে তাকে মিস করার কথা জানান। অভিনেত্রীর ভাষ্য, তারা বলেন- তার মতো কাউকে আর খুঁজে পাননি। আলোচনার একপর্যায়ে গুল্লু জানতে চান, সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত সাধারণত কে নিতেন?- উত্তরে মাহি জানান, তার অনেক প্রেমিক তাকে প্রতারণা করেছেন।
তবে কারও পরিচয় প্রকাশ করেননি তিনি। মজার ছলে মাহি বলেন, প্রেমিকদের প্রতারণার বিষয়টি তারা লুকাতে পারতেন না। কারণ এ ব্যাপারে তার পেছনে ‘ক্রাইম ব্রাঞ্চও’ লেগে থাকতো। অন্যদিকে, অভিনেতা জয় ভানুশালির সঙ্গে দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন মাহি। ২০১১ সালে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। এ ছাড়া, ২০১৭ সালে রাজবীর ও খুশি নামে দুই সন্তানকে দত্তক নেন। চলতি বছরের ৪ঠা জানুয়ারি যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি ও জয়। তবে আলাদা হয়ে গেলেও সন্তানদের প্রতি দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ দু’জনই।
