‘কাছের কেউ’তে অপূর্ব-নীহা

‘কাছের কেউ’তে অপূর্ব-নীহা

ফন্ট সাইজ:

গত ১৪ই অক্টোবর ছিল জিয়াউল ফারুক অপূর্ব’র মেয়ের জন্মদিন। মেয়ের জন্মদিন উদ্‌যাপন করতে গত ১০ই অক্টোবর ঢাকা ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন অপূর্ব। যাওয়ার আগে তিনি একেবারে শেষের দিকে সম্পন্ন করেছেন এস আর মজুমদার রচিত ও পরিচালিত বিশেষ নাটক ‘কাছের কেউ’। নাটকে অপূর্র্ব’র সঙ্গে অভিনয় করেছেন নাজনীন নীহা। এ জুটি এর আগেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। সেগুলো দর্শকপ্রিয়তাও পেয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, এবার ঢাকায় এসে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। প্রত্যেকটি নাটকেরই গল্প ভীষণ সুন্দর।

‘কাছের কেউ’ নাটকটিরও গল্প খুব সুন্দর। পরিচালক বেশ যত্ন নিয়ে নাটক নির্মাণ করার চেষ্টা করে। আর নীহার মধ্যে অভিনয় শেখার অনেক চেষ্টা। ভীষণ ধৈর্য তার। কাজের প্রতি সব সময়ই ভীষণ সিরিয়াস। আমি নিজেও এখনো অভিনয় শিখি, প্রতিনিয়তই শিখছি নানাভাবে। নাজনীন নীহা বলেন, আমার ক্যারিয়ারের শুরু থেকেই আমি অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে আসছি। তিনি যেমন ভীষণ কো-অপারেটিভ ঠিক তেমনি ভীষণ ভালো মনের একজন মানুষ। তিনি সহশিল্পীদের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল, স্নেহ বৎসল সব সময়। ‘কাছের কেউ’তে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা পরিচালক এস আর মজুমদার ভাইয়ের প্রতি। পরিচালক জানান, শিগগিরই নাটকটি প্রচারে আসবে।