হিন্দু সম্প্রদায়কে সর্বাত্মক সহযোগিতা করতে হবে: দুলু

হিন্দু সম্প্রদায়কে সর্বাত্মক সহযোগিতা করতে হবে: দুলু

ফন্ট সাইজ:

হিন্দু সম্প্রদায়ের মানুষদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বৃহস্পতিবার আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে নাটোর সদরের ৮২টি মন্দিরে এবং নলডাঙ্গা উপজেলার ৫৯টি মন্দিরে ছয়শো কেজি করে চাল প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উনারা আমাদেরকে ভোট দিয়েছেন, তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে- এটা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ। আপনাদের আমি নিজেই পাহারা দেবো। কেউ যদি উল্টাপাল্টা কিছু বলে, আমাকে টেলিফোন করবেন, আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করবো। আমি এর আগেও বলেছি, এখনও বলছি যে- যতদিন আমি বেঁচে আছি, আমার হিন্দু ভাই বোনেরা বুক উঁচু করে চলবে। যদি কেউ বাঁকা চোখে তাকায়, কেউ যদি আপনাদের হুমকি-ধামকি দেয়, আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু তাদের বিষ দাঁত ভেঙে দেবো।

তিনি আরও বলেন, দেশে যুগ যুগ ধরে হিন্দু মুসলমানদের মধ্যে কোনো বিভেদ, বৈষম্য ছিল না। পূজা ও ঈদের সময় আসলে আমরা একে অপরের বাড়িতে দলধরে একসাথে যেতাম। দুইটাই ছিল আমাদের কাছে উৎসব। বিগত ১৭ বছর সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছি।

ওদিকে বৃহস্পতিবার বিকালে নাটোর সদরের তেবাড়িয়ায় নারদ নদের ভরাট হয়ে যাওয়া অংশ পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, নাটোরের সৌন্দর্য বর্ধনে নারদ নদ পুনঃখনন ও ওয়াকওয়ে নির্মাণ হবে। প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে নাটোরের সৌন্দর্য বর্ধন, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় নারদ নদের প্রায় ৪৩ কিলোমিটার পূনঃখন এবং ওয়াকওয়ে নির্মাণ পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণের পর নাটোর অঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি প্রবাহ বৃদ্ধি পাবে। নদীগুলো সচল হলে এই অঞ্চলের মানুষ নদীর পানি সেচ কাজের পাশাপাশি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে। এছাড়া আগের সরকার অপরিকল্পিত বালু উত্তোলন করে নদীগুলোকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছিল। আমরা পরিকল্পনা মাফিক বিশেষজ্ঞদের পরামর্শে কোন নদী থেকে বালু উত্তোলন করলে ভাঙ্গনের সৃষ্টি হবে না, সে বিষয়ে পরিকল্পনার কাজ চলছে।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।