হাতিয়ায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময়

হাতিয়ায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময়

ফন্ট সাইজ:

দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, সরকারি দপ্তরগুলোর কার্যক্রম এবং স্থানীয় উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় হাতিয়া উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩৪-এর সংসদ সদস্য মাধবী মার্মা। সভায় সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, কোস্ট গার্ডের প্রতিনিধি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান, সমবায় কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা এমদাদুল হক, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, উপজেলা পরিসংখ্যান প্রতিনিধি, খাদ্য বিভাগের প্রতিনিধি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সালা উদ্দিন সিকদার প্রমুখ। সভায় হাতিয়া উপজেলায় সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি সেবার মান বৃদ্ধি, দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

সভায় নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেয়া হয়।