নির্বাচনী সংস্কারের দাবিতে বিক্ষোভে অংশ নেয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ২০০৮ সালের জনপ্রিয় রোমান্টিক কমেডি জানে তু... ইয়া জানে না চলচ্চিত্রের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেতা বলিউড তারকা আমির খানের ভাগ্নে।
যুক্তরাষ্ট্রের নাগরিক ইমরান খানের কাছে রয়েছে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড। এই কার্ড ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের ভারতে যাতায়াত ও অবস্থানের সুযোগ দেয়। তবে ওসিআই কার্ডধারীরা দেশটির নির্বাচনে ভোট দিতে কিংবা প্রার্থী হতে পারেন না।
বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ জানায়, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছিলেন ইমরান খান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই বিক্ষোভে অংশ নিয়ে আইন লঙ্ঘনের অভিযোগে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) তাকে নোটিশ দিয়েছে।
ওই নোটিশেই ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ইমরান খান এখনো কোনো মন্তব্য করেননি।
