হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে শতাধিক আহত, হাসপাতালে ৭০ জন

ফন্ট সাইজ:

হবিগঞ্জ সদর উপজেলার বহুলা, রিচিসহ কয়েকটি এলাকায় বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে শিশু ও নারীসহ শতাধিক আহত হয়েছেন। বুধবার সকাল থেকে এসব এলাকায় কুকুরের আক্রমণে আহতদের মধ্যে প্রায় ৭০ জন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে অন্তত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকে বহুলা, রিচিসহ আশপাশের এলাকায় একটি বেওয়ারিশ কুকুর মানুষকে কামড়াতে শুরু করে। এতে শিশু ও নারীসহ বিভিন্ন বয়সী অনেকে আহত হন। হঠাৎ কুকুরের এমন আক্রমণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা বেওয়ারিশ কুকুরের আক্রমণ প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাসেল আহমদ জানান, বুধবার সকাল থেকে কুকুরের কামড়ে আহত অন্তত ৭০ জন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৪০ জনকে ভর্তি করা হয়েছে। আহতদের ৪-৫ জনের অবস্থা গুরুতর। এদিকে, কুকুরের কামড়ে আহতদের ক্ষতস্থানের যথাযথ পরিচর্যা ও দ্রুত ভ্যাকসিন গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন চিকিৎসকরা। হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাফায়াতুল ইসলাম মণ্ডল বলেন, কুকুরে কামড়ালে ক্ষতস্থান দ্রুত সাবান ও প্রবাহমান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্কের টিকা নিতে হবে। এতে জলাতঙ্কের ঝুঁকি কমানো সম্ভব। কুকুরের এমন আক্রমণে বহুলা, রিচিসহ আশপাশের এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বেওয়ারিশ কুকুরের আক্রমণ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ চান স্থানীয়রা।