বিপর্যস্ত সৌদি আরব, বিমানবন্দর ও তেল স্থাপনায় আরও হামলার হুমকি

যুবরাজ সালমান কোথায়!

বিপর্যস্ত সৌদি আরব, বিমানবন্দর ও তেল স্থাপনায় আরও হামলার হুমকি

ফন্ট সাইজ:

সৌদি আরামকোর সদর দপ্তরে হামলায় গুঁড়িয়ে দেয়ার পর বিমানবন্দর ও তেল স্থাপনায় আরও হামলা চালানোর অঙ্গীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের একের পর এক হামলায় দৃশ্যত দিশাহারা সৌদি আরব। তারা যে হতাশ অবস্থায় আছে, তা ধরা পড়ে একটি বিষয়ে। তাহলো কয়েকদিন ধরে রিপোর্ট পাওয়া যাচ্ছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে নিরাপত্তার জন্য এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে স্থানান্তর করা হচ্ছে। এ সময়ে তাকে প্রকাশ্যে দেখাও যায়নি। ফলে খবরটাকে বিশেষভাবে সত্য বলেই মনে হচ্ছে। পাশাপাশি কানকথা ছড়িয়ে পড়েছে তিনি এখন কোথায়! কর্তৃপক্ষের মধ্যেও ভীতি ছড়িয়ে পড়েছে। কারণ, হুতিরা মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দিয়েছে। এর একদিন পর বুধবার তারা হুমকি দিয়েছে বিমানবন্দরগুলো উড়িয়ে দেয়ার। হুতিরা বলেছে, যেসব স্থাপনায় হামলার হুমকি দেয়া হয়েছে, সেগুলো তাদের কাছে বৈধ লক্ষ্যবস্তু। ইয়েমেনে সৌদি আরবের হামলার পাল্টা জবাব হিসেবেই এসব আক্রমণ চালানো হচ্ছে বলে দাবি করেছে তারা। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের জেরে নতুন করে শুরু হওয়া এই যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত এক সপ্তাহে সৌদি আরবে হুতিদের হামলা বেড়েছে। এর মধ্যে শনিবার রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১৩ জন নিহত হন। রয়টার্সকে বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি জানিয়েছেন, মঙ্গলবার রাতে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে সৌদি আরামকোর স্থাপনায় হামলার পর আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহভাবে। আগুন কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে বলেও জানিয়েছেন তারা। তবে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এর আগে বলে, হামলায় সীমিত পরিসরে অগ্নিকাণ্ড হয়েছে। দুটি সূত্র জানিয়েছেন, আরামকোর কার্যক্রম স্বাভাবিকভাবে চলছিল। কর্মীরা বাড়ি থেকে কাজ করছিলেন।

সংঘাত তীব্র হওয়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাষী অর্থনৈতিক পরিকল্পনা বড় ধাক্কার মুখে পড়েছে। সৌদি অর্থনীতিকে রূপান্তরিত করা, বহুমুখী করা এবং তেলের ওপর নির্ভরতা কমানোই তার পরিকল্পনার মূল লক্ষ্য। হুতিরা বলেছে, গত মাসে নতুন করে শুরু হওয়া ইয়েমেনের যুদ্ধে সৌদি আরব সরকারপন্থি বাহিনীকে সমর্থন দেয়ায় তারা এর প্রতিশোধ নিচ্ছে। বুধবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদ লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। এদিন সৌদি রাজধানীতে বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বুধবার রিয়াদে সম্ভাব্য আকাশপথের হুমকি নিয়ে সতর্কতা জারি করেছিল সৌদি কর্তৃপক্ষ। পরে সতর্কতা প্রত্যাহার করা হয়। তবে বিস্ফোরণের শব্দের কারণ কী, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।