বন্দরের ই-চালানে ‘আর’ ও ‘সিপি’ নম্বর, পেমেন্টে বাড়বে স্বচ্ছতা

ফন্ট সাইজ:

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানো, জালিয়াতি ঠেকানো এবং সেবার মান উন্নত করতে অনলাইন ই-চালান ব্যবস্থায় দু’টি নম্বর যুক্ত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। নতুন ব্যবস্থায় শুল্ক-কর এবং বন্দরের ফি-মাশুল পরিশোধের তথ্য সহজেই যাচাই করা যাবে। মঙ্গলবার বন্দর কর্তৃপক্ষের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ রেফায়েত হামিমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্দরের সেবা কার্যক্রমকে আরও দ্রুত, আধুনিক ও সহজ করতে টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টিওএস) আওতায় অনলাইন ই-চালানে বিল অব এন্ট্রির ‘আর নম্বর’ ও ‘সিপি নম্বর’ সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে ‘আর নম্বর’ দিয়ে শুল্ক ও কর পরিশোধের তথ্য এবং ‘সিপি নম্বর’ দিয়ে বন্দরের ফি ও মাশুল পরিশোধের তথ্য যাচাই করা যাবে। নতুন এ ব্যবস্থার ফলে পণ্যবাহী যানবাহন বন্দর থেকে বের হওয়ার অনুমতি দেয়ার আগে সংশ্লিষ্ট বিভাগগুলো সহজেই কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের পাওনা পরিশোধের বিষয়টি নিশ্চিত হতে পারবে। বন্দর থেকে পণ্য সরবরাহ এবং গেট দিয়ে যানবাহন বের করার ক্ষেত্রে অনলাইন ই-চালান চূড়ান্ত নথি হিসেবে ব্যবহৃত হয়। এতে পেমেন্ট যাচাইয়ের জন্য দু’টি নম্বর যুক্ত হওয়ায় প্রযোজ্য শুল্ক, কর, ফি ও মাশুল পরিশোধের তথ্য যাচাই আরও সহজ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নতুন এ সুবিধা ব্যবহার করে বন্দরের সেবা গ্রহণের জন্য আমদানিকারক, পণ্যগ্রহীতা, শিপিং এজেন্ট, ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।