পুড়ে ছাই বসতঘর

ফন্ট সাইজ:

ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকায় অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোরে ষোলহাসিয়া এলাকায় মো. সোহাগ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে সোহাগের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন বাড়ির বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে।

এ সময় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে বাড়িটির আটটি কক্ষ এবং কক্ষগুলোতে থাকা আসবাবপত্র, কাপড়চোপড় ও দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।