দিনাজপুরের পার্বতীপুরে তেরআনিয়া মোজাহারুল উলূম হাফিজিয়া এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিংয়ের নতুন কমিটির বিরুদ্ধে মামলা করায় এলাকাবাসী মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় মমিনপুর ইউনিয়নের তেরআনিয়া মোজাহারুল উলূম হাফিজিয়া এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিংয়ের সামনে রাস্তায় তেরআনিয়া গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন- এতিমখানার নতুন সভাপতি ওবায়দুর রহমান, সদস্য জয়নাল আবেদীন, যুবদলনেতা মুর্তজা আলী বাবলু, আব্দুল হামিদ সহ আরও অনেকে। বক্তারা বলেন, গত ১৭ই জুন মাদ্রাসা কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ১৫ই আগস্ট কমিটি গঠন করা হয়। এ কমিটিতে সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সরকারকে সভাপতি না করায় তিনি ক্ষুদ্ধ হয়ে এতিমখানার যে ব্যাংকে হিসাব নম্বর আছে সেইসব ব্যাংকে অভিযোগ দাখিল করেন। ফলে নতুন কমিটি ব্যাংক হতে টাকা উত্তোলন করতে না পেরে এতিমখানা শিশুদের প্রতিদিনের খাবারের জন্য প্রয়োজনীয় বাজার করা হচ্ছে না। গ্রামবাসী সকলে সহযোগিতা করে কোনোরকমে এতিমদের খাওয়ার যোগান দিচ্ছেন। তাছাড়া কমিটির মেয়াদ দুই বছর হওয়া সত্ত্বেও তিনি দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘ ১৩ বছর সভাপতি পদে থাকেন এবং তিনি নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদে নির্বাচন করেন। নির্বাচনকালীন সময়েও তিনি সভাপতি পদ হতে অব্যাহতি প্রদান করেন নাই।
বক্তারা আরও বলেন, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক নিজেকে প্রতিষ্ঠাতা সভাপতি দাবি করেন কিন্তু এতিমখানা প্রতিষ্ঠাকালের সময় হতে তিনি বা তার পরিবারের কোনো অনুদান, জমি বা টাকা- পয়সা ইত্যাদি সাহায্য-সহযোগিতা নাই। এলাকাবাসীর দাবি, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। এলাকাবাসী ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে এতিমখানা প্রাঙ্গণ থেকে স্থানীয় যশাইহাট পর্যন্ত এক কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করেন।
