পাবনার চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে হাসিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে চাটমোহর-টেবুনিয়া আঞ্চলিক সড়কের ভবানীপুর এলাকায়) এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত হাসিনা ঈশ্বরদী উপজেলার দিকমারী দেওয়ানপাড়া এলাকার মোস্তফা মোল্লার স্ত্রী।
আহতরা হলেন, একই গ্রামের আকাজ উদ্দিনের ছেলে আবদুল হামিদ, মিনহাজ উদ্দিন ও মৃত মকছেদ মোল্লার ছেলে মোস্তফা মোল্লা। আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বুধবার দুপুরে একটি সিএনজি-চালিত অটোরিকশা করে চাটমোহরের দিকে আসছিলেন হাসিনা খাতুনসহ অন্যরা। পথিমধ্যে মূলগ্রাম ইউনিয়নের ভবানীপুর মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে যায় সিএনজি অটোরিকশা। এতে ঘটনাস্থলেই নিহত হন হাসিনা। স্থানীয়রা অন্যযাত্রীদের গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি অলিউর রহমান জানান, নিহত ওই নারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আহতদের পাবনায় পাঠানো হয়েছে।
