মমতাকে ছুরি নিয়ে আক্রমণের চেষ্টা এক নারীর

মমতাকে ছুরি নিয়ে আক্রমণের চেষ্টা এক নারীর

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুরি নিয়ে আক্রমণের চেষ্টা করেছেন এক নারী। মমতার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই অভিযোগ জানিয়ে বলেছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় মমতার কালীঘাটের বাড়ি থেকে বেরোনোর সময়। দলের সাধারণ সম্পাদক দোলা
সেন তার পুলিশি অভিযোগে বলেছেন, ওই নারী, যাকে তিনি তন্নিষ্ঠা সাহা বলে শনাক্ত করেছেন, তিনি একজন সিভিক ভলান্টিয়ার। সন্ধ্যা ৬টায় মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে তার বাড়ি থেকে বের হলে, ওই নারী অকথ্য গালিগালাজ শুরু করেন এবং তাকে ছুরি দিয়ে আক্রমণ করার চেষ্টা করেন। সেন আরও বলেছেন, “তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন এবং মাতাল অবস্থায় মমতা ব্যানার্জীর দিকে হিংস্রভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, এমনকি পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীকে আঘাত করার জন্য রাস্তায় শুয়েও পড়েন।”

তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জী গোষ্ঠী দাবি করেছে, ওই সিভিক ভলান্টিয়ার একজন মাদকাসক্ত। তারা প্রশ্ন তুলেছে, কীভাবে কেউ একজন জেড-প্লাস সুরক্ষাপ্রাপ্ত ব্যক্তির বাসভবনের কাছে যেতে পারে। তারা একটি ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছে।
সিভিক ভলান্টিয়াররা হলেন— পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের চুক্তিভিত্তিক কর্মী, যারা ট্র্যাফিক ব্যবস্থাপনা, ভিড় নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার দায়িত্বে সহায়তা করেন।
অভিযোগের একটি অনুলিপি সামাজিক মাধ্যমে পোস্ট করে দলের মুখপাত্র সাকেত গোখলে লিখেছেন, “আজ একজন মাদকাসক্ত মমতা ব্যানার্জীর বাসভবনে পৌঁছে তাকে ছুরি দিয়ে আক্রমণ করার চেষ্টা করে। বাংলার (পশ্চিমবঙ্গ) অবস্থা এমনই যে, একজন জেড প্লাস সুরক্ষাপ্রাপ্ত ও তিনবারের মুখ্যমন্ত্রীও নিরাপদ নন। এটা কি বিজেপি’র কোনো পরিকল্পিত ষড়যন্ত্র। কারণ দিদিকে তারা শেষ করে দিতে বদ্ধপরিকর?”

পুলিশ ওই নারীকে ৩৮ বছর বয়সী অনুসূয়া সাহা হিসেবে শনাক্ত করে ঘটনাটিকে একটি “ঝগড়া” বলে অভিহিত করেছে। কর্তব্যরত পুলিশ ওই নারীকে আটক করেছে। কিন্তু কোনো আক্রমণ বা ধারালো বস্তুর কথা উল্লেখ করেনি। পুলিশের মতে, সাবেক মুখ্যমন্ত্রী বাসভবন থেকে বের হওয়ার সময় একটি ঘটনা ঘটে। অনুসূয়া সাহা নামের এক মহিলা তার মুখোমুখি হন, ফলে তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

উল্লেখ্য, টানা তিনবার ক্ষমতায় থাকার পর গত মে মাসে পশ্চিমবঙ্গে ক্ষমতা হারানোর পর থেকে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জী গোষ্ঠীর সদস্যরা বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার কয়েকদিন পর দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর দিকে দক্ষিণ ২৪ পরগনায় পাথর ও ডিম ছোড়া হয়েছিল।

মমতা দাবি করেছেন, গত আগস্টে কলকাতার শ্যামবাজার এলাকায় তার গাড়িতে একটি বড় পাথর ছোড়া হয়েছিল, ফলে তার বুকে ব্যথা শুরু হয় এবং তা বেশ কয়েকদিন ধরে ছিল। এরপর হালিশহরেও তার ওপর আক্রমণ করা হয়েছিল। গত শনিবার বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক বিভাস সর্দারের গাড়িতেও হামলা চালানো হয়েছে।