কুমিল্লায় হেফাজত নেতার জানাজায় মানুষের ঢল

ফন্ট সাইজ:

কুমিল্লার প্রবীণ আলেম হেফাজতে ইসলামে নায়েবে আমির মাওলানা শাহ নুরুল হক মারা গেছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ১১০ বছর। তিনি ১০ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, ছাত্র, মুরিদ ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১১টায় কুমিল্লার সুয়াগঞ্জ কলেজ ও হাইস্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে তার পৈতৃক নিবাস দাতামা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাওলানা শাহ নুরুল হক কুমিল্লার সুয়াগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী বট্টগ্রাম হামিদিয়া কওমিয়া মাদ্রাসার দীর্ঘকালীন মুহতামিম ও শায়খুল হাদিস ছিলেন। অর্ধশতাব্দী ধরে তিনি মাদ্রাসাটির মুহতামিমের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ জীবনে ইসলামি শিক্ষা বিস্তার, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে অবদান রাখেন তিনি। তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে কুমিল্লাসহ দেশ-বিদেশের আলেমসমাজ ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শোক প্রকাশ করেন।তার জানাজায় প্রায় লাখো মানুষ উপস্থিত ছিলেন ।

এদিকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারাও পৃথক শোকবার্তায় মাওলানা শাহ নুরুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।