নাটকে ভাষাটা আমাদের ঠিক করা উচিত

নাটকে ভাষাটা আমাদের ঠিক করা উচিত

ফন্ট সাইজ:

দেশের জীবন্ত কিংবদন্তি অভিনেতা, নাট্যকার, নাট্যনির্দেশক আবুল হায়াতকে নিয়ে এবারই প্রথম কোনো নাটক নির্মাণ করেছেন জিয়া উদ্দিন আলম। ফেরারী ফরহাদের রচনায় আবুল হায়াত অভিনয় করেছেন ‘অবহেলা’ শিরোনামের একটি নাটকে। ‘লেজার ভিশন’ ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য নাটকটি নির্মিত হয়েছে। আবুল হায়াত বলেন, এখন তো আসলে চারিদিকে পারিবারিক গল্পের নাটক নির্মাণের হিড়িক পড়েছে। এটা খুবই ভালো বিষয়।

তবে নাটকে ভাষা ব্যবহারের বিষয়ে আমার এখনো আপত্তি আছে। ভাষাটা আমাদের ঠিক করা উচিত। গ্রামীণ জীবনের গল্পের নাটক হলে ঠিক আছে, তাতে আমি গ্রামের ভাষায় কথা বলবো। কিন্তু শহুরে জীবনের গল্পের নাটকে ভাষাটাকে বিকৃত করা হচ্ছে। এই জায়গাটাও ঠিক হওয়া উচিত বলে আমি মনে করি। ভাষাটাও যদি ঠিক করা হয় তাহলে আমি বলতে পারি আমরা আমাদের নাটকের যে ঐতিহ্য ছিল, তা ফিরে পাবো। তবে আমি ভাষার ব্যবহারে খুব সচেতন। আবুল হায়াত বলেন, জিয়া উদ্দিন আলমের এই নাটকটির গল্প বেশ পরিচ্ছন্ন। সে যত্ন নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছে। আশা করছি, ভালো লাগবে সবার। জিয়া উদ্দিন আলম বলেন, হায়াত স্যারকে নিয়ে এটাই আমার জীবনের প্রথম নাটক। চেষ্টা করেছি একটি ভালো গল্প নিয়ে স্যারের চরিত্রটিকে গুরুত্ব দিয়ে নাটকটি নির্মাণের। কেমন হয়েছে তা আসলে প্রচারের পর বুঝতে পারবো।

এদিকে আবুল হায়াত জানান, চলতি মাসের শেষপ্রান্তে বেশ কয়েকটি নাটকের কাজ করবেন তিনি। আগামী রোজার ঈদ ও কোরবানির ঈদে চ্যানেল আইয়ে প্রচারের জন্য দু’টি নাটক নির্মাণ করবেন তিনি; যা বিগত বেশ কয়েক বছর ধরে নিয়মিতভাবেই নির্মাণ করে আসছেন আবুল হায়াত।