অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি লিনা

অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি লিনা

ফন্ট সাইজ:

হলিউডে ক্যারিয়ার গড়ার শুরুর দিকে কাজ পাওয়ার আশায় নানা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন অভিনেত্রী লিনা হেডি। নগ্নতা, চুম্বন কিংবা অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের শুরুর দিনগুলোর অভিজ্ঞতা তুলে ধরেন ‘গেম অব থ্রোনস’ তারকা। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে লিনা জানান, তখন কাজ পাওয়ার আনন্দই ছিল তার কাছে সবচেয়ে বড় বিষয়। নিজের অস্বস্তি কিংবা ব্যক্তিগত সীমারেখা নিয়ে প্রশ্ন তোলার মতো আত্মবিশ্বাসও ছিল না।

তবে সময়ের সঙ্গে সঙ্গে অতীতের অভিজ্ঞতা সম্পর্কে তার উপলব্ধি বদলেছে। ‘গেম অব থ্রোনস’ সিরিজে সার্সি ল্যানিস্টার চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান লিনা। সিরিজটির পঞ্চম মৌসুমে সার্সির নগ্ন হয়ে জনতার সামনে হাঁটার দৃশ্যটি আলোচনার জন্ম দেয়। তবে দৃশ্যটিতে অভিনেত্রীর পরিবর্তে ব্যবহার করা হয় বডি ডাবল। পরে ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে দু’জনের অভিনয় একত্র করা হয়। এ সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হলেও লিনার ব্যাখ্যা, দীর্ঘ সময় জনতার সামনে নগ্ন হয়ে হাঁটলে চরিত্রের আবেগের চেয়ে নিজের আত্মরক্ষার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারতো। ফলে চরিত্রটির মানসিক যন্ত্রণা ফুটিয়ে তোলা কঠিন হতো।

সাক্ষাৎকারে হলিউডের ক্ষমতার অপব্যবহার নিয়েও কথা বলেন লিনা। তার অভিযোগ, প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের আচরণের প্রতিবাদ করার পর মিরাম্যাক্সের কোনো ছবিতে আর কাজের সুযোগ পাননি তিনি। তার ধারণা, প্রতিবাদ করায় পরবর্তী সময়ে বেশ কিছু কাজের সম্ভাবনা হারিয়েছিলেন এই অভিনেত্রী।