এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ হকি দলের প্রস্তুতি শুরু হচ্ছে আজ। তবে দলের নতুন হেড কোচ পিটার গেরহার্ড রাখের অপেক্ষা বাড়ছে ভিসা জটিলতায়। বৃহস্পতিবার ঢাকায় আসার কথা থাকলেও একদিন পিছিয়ে শুক্রবার আসছেন এই জার্মান কোচ।
গত রোববার টুর্নামেন্টকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। গতকাল সহকারী কোচ শহীদুল্লাহ টিটুর কাছে রিপোর্ট করেছেন প্রাথমিক দলে ডাক পাওয়া খেলোয়াড়রা। পরে ভার্চ্যুয়াল সভায় গেরহার্ডের সঙ্গে আলোচনা করে অনুশীলনের পরিকল্পনা সাজান টিটু। আজ সকাল সাড়ে ৬টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুশীলন করাবেন তিনি। এশিয়ান গেমস থেকে ফেরার আট দিন পর আবার টার্ফে ফিরছেন আমিরুল-বাবুরা।
টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বাহফের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স। তিনি বলেন, ‘এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় আসরে বাংলাদেশের খেলার সুযোগ পাওয়া আমাদের হকির জন্য আনন্দের। এশিয়ার শীর্ষ দলগুলোর বিপক্ষে খেলার মাধ্যমে দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলার ঘাটতি কাটিয়ে ওঠার সুযোগ পাবে খেলোয়াড়রা।’ সহকারী কোচ টিটুর লক্ষ্যও লড়াই করার মতো দল গড়ে তোলা। তিনি বলেন, ‘ভারতের কন্ডিশনের সঙ্গে বাংলাদেশের তেমন পার্থক্য নেই। আমরা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করবো। মালয়েশিয়ার বিপক্ষে ফাইট দিতে চাই।’ র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও জিমি-মিমোর মতো অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে ভালো করার আশাবাদ তার। এশিয়ান গেমসে ষষ্ঠ হওয়ার লক্ষ্য নিয়ে জাপানে গেলেও সপ্তম হয়ে ফিরেছে বাংলাদেশ। চীনের বিপক্ষে সাত গোল হজমের তিক্ত অভিজ্ঞতাও আছে দলের। গত দুই বছরে হকির পারফরম্যান্সের অবনতি নিয়ে টিটুর মন্তব্য, ‘দীর্ঘদিন প্রথম বিভাগ লীগ হয়নি। এখন আবার মাঠে ফিরেছে। নিয়মিত খেলা থাকা দরকার।
খেলা না হলে খেলোয়াড়রা শিখবে কীভাবে?’ আগামী ২৭শে অক্টোবর থেকে ৫ই নভেম্বর ভারতের জলন্ধর ও মোহালিতে ছয় দল নিয়ে হবে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তান নাম প্রত্যাহার করায় তাদের জায়গায় খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। উদ্বোধনী দিন সন্ধ্যা সাড়ে ৭টায় স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে লাল-সবুজ দল। এরপর ২৯শে অক্টোবর জাপান, ৩০শে অক্টোবর মালয়েশিয়া, ১লা নভেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২রা নভেম্বর চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। লীগ পর্ব শেষে ৪ঠা নভেম্বর সেমিফাইনাল এবং ৫ই নভেম্বর তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
