টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার হাতছানি যখন বাংলাদেশের, তখন পয়েন্ট তালিকায় তলানির দল ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্যটা ভিন্ন। বর্তমান চক্রে নিজেদের শেষ সিরিজে দারুণ ক্রিকেট উপহার দিয়ে সেরা পাঁচে জায়গা করে নেয়া। এ মিশনে সাদা বলের নিয়মিত অধিনায়ক শাই হোপ ও পেসার আলজারি জোসেফকে পাচ্ছে না তারা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনা করে এ দুই ক্রিকেটারকে বিশ্রামে রেখেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তবুও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে চান ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামি। অবশ্য বাংলাদেশের মাটিতে কাজটি যে সহজ হবে না, সেটিও অকপটে স্বীকার করেন। দল ঘোষণার পর কোচ সামি বলেছেন, ‘এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুতে আমরা কিছু লক্ষ্য নির্ধারণ করেছিলাম।
এর মধ্যে একটি ছিল র্যাঙ্কিংয়ের শীর্ষ অর্ধে থেকে চক্র শেষ করা। বাংলাদেশের বিপক্ষে সিরিজে আমরা সেটা অর্জনের জন্যই লড়বো।‘ বাংলাদেশের মাটিতে তাদের হারানো যে কঠিন, সেটা সামি ভালোভাবেই জানেন। তবুও বাংলাদেশকে বাংলাদেশে হোয়াইটওয়াশ করে নিজেদের লক্ষ্য পূরণ করতে চান কোচ, ‘এই সিরিজ ২-০ ব্যবধানে জিততে পারলে আমরা সেই লক্ষ্যের আরও কাছে পৌঁছাতে পারবো। বাংলাদেশের মাটিতে তাদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং হবে, আর আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।’
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৮শে অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট, যা চলবে ১লা নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ই নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, শেষ হবে ৯ই নভেম্বর। টেস্টের আগে ২২শে অক্টোবর থেকে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার কেভিন উইকহ্যাম। জোসেফের বদলি হিসেবে দলে ঢুকেছেন অলরাউন্ডার কেমো পল। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ আছে চারে। ছয় টেস্টে জয় তিনটি, হার দু’টি ও ড্র একটি। সবশেষ অস্ট্রেলিয়ায় দুই ম্যাচের সিরিজ ড্র করে ফিরেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ ৯ দলের তালিকার ৮-এ রয়েছে। ১২ টেস্টে তাদের জয় মাত্র দু’টি, হার আটটি, ড্র দু’টি।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল
রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া দ্য সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।
