শ্রীলঙ্কা জুজু কাটাতে ব্যর্থ বাংলাদেশ

ফন্ট সাইজ:

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা জুজু কাটাতে ব্যর্থ বাংলাদেশ। লীগ পর্বে তিনবারের দেখায় সবক’টিতেই হার জুনিয়র টাইগ্রেসদের। পাকিস্তানের লাহোরে গতকাল অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের লীগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

আগামীকাল এই শ্রীলঙ্কার বিপক্ষে শিরোপার লড়াইয়ে খেলতে নামবে সাদিয়া সুলতানার দল। লাহোরের ফয়সালাবাদ স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের পাঠায় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত ও ধারালো বোলিংয়ের সামনে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। প্রতিপক্ষের বোলিং তোপে পড়ে মাত্র ১৭.৩ ওভারে ৫৮ রানে গুটিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। দলের কোনো ব্যাটারই উইকেটে থিতু হতে পারেননি। শ্রীলঙ্কার পক্ষে লিমন্সি তিলকরত্নে মাত্র ১৩ রান দিয়ে ৩টি এবং দানোদ্যা ৭ রান খরচায় ২টি উইকেট শিকার করে ধসিয়ে দেন বাংলাদেশের ইনিংস। ৫৯ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বেগ পেতে হয়নি লঙ্কান অনূর্ধ্ব-১৯ নারী দলকে। উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় তারা। মাত্র ১০.৪ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। দলের পক্ষে বিমোক্ষা ১৮ বলে ২২ রানের এক কার্যকরী ইনিংস খেলেন। ম্যাচজয়ী বোলিং স্পেলের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন লঙ্কান বোলার লিমন্সি তিলকরত্নে।

লীগ পর্বের এই ম্যাচে বড় ব্যবধানে হারলেও টুর্নামেন্টের ফাইনাল আগেই নিশ্চিত করা বাংলাদেশের চিন্তা ব্যাটিং। ফাইনালের আগে ব্যাটিংয়ের এমন দৈন্যদশা নিশ্চিতভাবেই কপালে চিন্তার ভাঁজ ফেলবে কোচিং স্টাফদের। ফাইনালের আগে ব্যাটিংয়ের ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য বাংলাদেশের।