ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জের জয়

প্রথম বিভাগ হকি

ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জের জয়

ফন্ট সাইজ:

​প্রথম বিভাগ হকি লীগে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও ফরাশগঞ্জ এসসি জয় পেয়েছে।  মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ওয়ারী ক্লাবকে ৩-২ গোলে হারায় ঢাকা ওয়ান্ডারার্স। দ্বিতীয় ম্যাচে মুক্ত বিহঙ্গ তরুণ সংঘকে ১-০ গোলে হারায় ফরাশগঞ্জ। আগামীকাল লীগের দু’টি ম্যাচ হবে। প্রথম ম্যাচে দুপুর ১টা ১৫ মিনিটে মুখোমুখি হবে কম্বাইন্ড এসসি ও ব্যাচেলর্স এসসি। দ্বিতীয় ম্যাচে বিকাল ৩টা ১৫ মিনিটে খেলবে পিডব্লিউডি এসসি ও ঢাকা ইয়ং স্টার ক্লাব।



ওয়ারী ক্লাবের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে ঢাকা ওয়ান্ডারার্স। ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন তারেক। তবে ৫ মিনিট পরই ফিল্ড গোল করে সমতা ফেরান ওয়ারী ক্লাবের অধিনায়ক আজিজার। সমতা ফেরার পর ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে ওয়ান্ডারার্স। ম্যাচের ২২ মিনিটে ফিল্ড গোল করে দলকে আবারো এগিয়ে দেন নূরে আলম। ৭ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি। এতে ৩-১ গোলে এগিয়ে যায় ওয়ান্ডারার্স। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান ওয়ারীর অধিনায়ক আজিজার। শেষ কোয়ার্টারে সমতা ফেরানোর চেষ্টা করেও আর গোল পায়নি ওয়ারী। ফলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা ওয়ান্ডারার্স। দিনের দ্বিতীয় ম্যাচে ফরাশগঞ্জ এসসি ও মুক্ত বিহঙ্গ তরুণ সংঘের লড়াইয়ে প্রথমার্ধ ও তৃতীয় কোয়ার্টার পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচের ৫০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ফরাশগঞ্জকে এগিয়ে দেন আবদুল্লাহ জারিফ। শেষ পর্যন্ত তার এই গোলই গড়ে দেয় দুই দলের ব্যবধান। ১-০ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট পায় ফরাশগঞ্জ এসসি।




​