দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা তুলে আনতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজারের বেশি কিশোর-কিশোরী। তাদের মধ্যে ছয় লাখের বেশি কিশোরী। জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) ক্রীড়া সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার মতে, নতুন কুঁড়ি স্পোর্টসে মেয়েদের উল্লেখযোগ্য অংশগ্রহণ দেশের ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করবে।
আমিনুল হক বলেন, ‘আমাদের অনলাইনে এরই মধ্যে ১৬ লাখ ২৩ হাজার নিবন্ধন হয়েছে। এর মধ্যে ৯ লাখের বেশি কিশোর এবং ছয় লাখের বেশি কিশোরী। মোট অংশগ্রহণকারীর ৪২ শতাংশ মেয়ে। মেয়েদের এই অংশগ্রহণ দেখে আরও অনেক পরিবার উৎসাহিত হবে। তাদের মেয়েরাও যে পারে, তাদের হাত ধরে বাংলাদেশও এগিয়ে যেতে পারে— সেই আশার আলো দেখতে পাবে পরিবারগুলো।’ নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ফুটবল, ক্রিকেটসহ মোট ১০টি ইভেন্ট থাকছে। দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন থেকে দল গঠনের জন্য প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদের প্রয়োজন হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। প্রতিভা বাছাইয়ের লক্ষ্যে ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে কমিটিও গঠন করা হয়েছে। আগামী ৫ই নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন হবে। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা থেকে প্রজেক্টরের মাধ্যমে একযোগে ৫০৩টি উপজেলায় কার্যক্রমটির উদ্বোধন করবেন। প্রথম আসরে আটটি ইভেন্টে নিবন্ধন করেছিল ১ লাখ ৬৮ হাজার ক্রীড়াবিদ। এবার ইভেন্টের সংখ্যা বেড়ে হয়েছে ১০টি। প্রথম আসর থেকে উঠে আসা ৩০৬ জন ক্রীড়াবিদকে নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) চলছে ৪০ দিনের প্রশিক্ষণ কার্যক্রম। আমিনুল হক বলেন, ‘প্রথমবার যে ৩০৬ জন ক্রীড়াবিদ পেয়েছি, তাদের নিয়ে বিকেএসপিতে ৪০ দিনের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। প্রথম আসরের চূড়ান্ত পর্বে পুরস্কৃত ক্রীড়াবিদদের এই অনুশীলন সেশনে বিকেএসপি’র কোচরা প্রশিক্ষণ দি”েছন। তাদের মাধ্যমে ১০টি ইভেন্টের কার্যক্রম এগিয়ে নেয়া হবে।’
