ছিনতাইয়ের শঙ্কায় এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

ছিনতাইয়ের শঙ্কায় এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

ফন্ট সাইজ:

বোমা হামলা ও বিমান ছিনতাইয়ের হুমকির পর ভারতের জয়পুরে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী ফ্লাইটটি নিরাপত্তাঝুঁকির কারণে জয়পুরে অবতরণ করেছে। পরে প্রয়োজনীয় তল্লাশি ও নিরাপত্তা যাচাই শেষে বিমানটিকে দিল্লির উদ্দেশে যাত্রার অনুমতি দেয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বুধবার ফ্লাইট এআই২০৩০-কে দিল্লির পরিবর্তে জয়পুরে অবতরণ করানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বিমানটি জয়পুরে নিরাপদে অবতরণ করেছে। এরপর যাত্রীদের বিমান থেকে নামিয়ে তল্লাশি চালানো হয়। বিমান ও এর কর্মীদেরও প্রয়োজনীয় নিরাপত্তা যাচাই শেষে ছাড়পত্র দেয়া হয়েছে।

মালব্য নগরের সহকারী পুলিশ কমিশনার শিব দয়াল ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানান, বোমা হামলার হুমকির কারণে ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটটির জরুরি অবতরণের বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করেছিল।
তবে হুমকির উৎস এবং এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।