চালের ড্রামে কোটি টাকার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার

চালের ড্রামে কোটি টাকার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রাজধানীর ভাটারায় চালের ড্রামে লুকিয়ে রাখা ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মালা বেগম (৬২) ও তার ছেলে মামুন চোকদার (৩৬)কে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ টাকা। এ ঘটনায় সাহিদা বেগম ইতি (৪৮) নামে আরও এক নারীকে আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে ভাটারা থানার ছোলমাইদ ঢালিবাড়ী কাঁচাবাজারসংলগ্ন একটি বাসার নিচতলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোর (দক্ষিণ) উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতার নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান চলছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিচালক মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এবং পরিদর্শক মো. ফজলুল হক খানের নেতৃত্বে অভিযান চালানো হয়। ফ্ল্যাটটি ঘিরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি শুরু করেন অভিযানকারীরা। একপর্যায়ে পশ্চিম পাশের কক্ষে রাখা চালের ড্রামের ভেতর থেকে কফি রংয়ের একটি ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগে কাগজ ও আঠালো ফিতা দিয়ে মোড়ানো ১৭টি প্যাকেটে পাওয়া যায় ৩৪ হাজার পিস ইয়াবা। জব্দ করা ইয়াবার ওজন ৩ দশমিক ৪০ কেজি।

অধিদপ্তর জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মা-ছেলে দাবি করেছেন, উদ্ধার করা ইয়াবার প্রকৃত মালিক সাহিদা বেগম ইতি। তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে মালা বেগমের বাসায় মজুত রাখতেন। পরে গাজীপুরের কোনাবাড়ী, সাইনবোর্ড ও টাঙ্গাইলের ভূঞাপুরসহ বিভিন্ন এলাকায় এসব ইয়াবা সরবরাহ করা হতো বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ঘটনায় গ্রেপ্তার দু’জন ও পলাতক ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভাটারা থানায় মামলা করা হয়েছে।