অস্ট্রেলিয়ার কাছে শেষ ম্যাচেও হার জ্যোতিদের

অস্ট্রেলিয়ার কাছে শেষ ম্যাচেও হার জ্যোতিদের

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়া সফরের শেষটা ভালো হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ব্রিসবেনে সিরিজের শেষ ওয়ানডেতে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানার দল। তিন ম্যাচের সিরিজ অস্ট্রেলিয়া জিতেছে ৩-০ ব্যবধানে।

টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। দুই ব্যাটার শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারই করেন ১০৪ রান। তিনে নামা শারমিন ৯৩ বলে ৮ চারে ৫০ রান করেন। ছয়ে নেমে স্বর্ণা ৭১ বলে করেন ৫৪। ওয়ানডে ক্যারিয়ারে এটি তাঁর সর্বোচ্চ ইনিংস। তাঁর ইনিংসে চার ছিল ৪টি। এই দুজন ছাড়া দুই অঙ্কে পৌঁছান শুধু রাবেয়া খান ও ওয়ানডে অভিষিক্ত দিশা বিশ্বাস। দুজনই করেন ১৩ রান করে। দিশা অপরাজিত ছিলেন। বাংলাদেশের শুরুটা ছিল বাজে। ৯ ওভারে ১৮ রানে ৩ উইকেট হারায় দল। অধিনায়ক নিগার ফেরেন মাত্র ৩ রানে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সোবহানা মোস্তারি করেন ২৪ বলে ৯। দলীয় ৪৫ রানে তিনিও আউট। প্রথম ৪ উইকেটই নেন পেসার মেগান শুট। ১০ ওভারে ১৬ রান দিয়ে তিনি পান ৫টি মেডেন। সেখান থেকে শারমিন ও স্বর্ণা গড়েন ৫৪ রানের জুটি।

দলীয় ৯৯ রানে শারমিন ফিরলে আবার ভাঙন ধরে। ৪৯তম ওভারে ১৬৫ রানে অষ্টম ব্যাটার হিসেবে আউট হন স্বর্ণা। ১৭৩ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া শুরুতেই ১৩ রানে প্রথম উইকেট হারায়। অভিষিক্ত দিশা ফেরান ওপেনার বেথ মুনিকে। ৩৮ রানে পড়ে দ্বিতীয় উইকেট। কিন্তু এরপর এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড বাংলাদেশের বোলারদের নিয়ে ছেলেখেলা করেন। পেরি ৬৪ বলে ৬৫ রান করেন, চার ৮টি। সাদারল্যান্ড ৫২ বলে ১২ চারে করেন ৭৪। ১৬৪ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।