সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

ফন্ট সাইজ:

দল হিসেবে খেলতে পারলে ফাইনালে ওঠার পাশাপাশি চ্যাম্পিয়নও হওয়া উচিত বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার আগে এমন প্রত্যাশার কথাই শুনিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নূরুল হাসান সোহান। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজকে এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবেও দেখছেন তিনি। গতকাল দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সোহান বলেন, ‘আমার মনে হয়, দল হিসেবে খেললে আমাদের ফাইনাল খেলা উচিত এবং চ্যাম্পিয়ন হওয়া উচিত।’ ১৭ই অক্টোবর আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের অভিযান।

এরপর ২১শে অক্টোবর শারজাহতে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বড় দু’টি টুর্নামেন্টের আগে এই সিরিজে ভালো করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান ক্রিকেটাররা। সোহানের মতে, সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ থাকায় এই সিরিজ নিজেদের প্রস্তুত করার ভালো সুযোগ। তিনি বলেন, ‘সামনেই এশিয়া কাপ এবং তার পরপরই বিশ্বকাপ। আমার কাছে মনে হয়, এটা একটা ভালো মঞ্চ। এখানে যদি আমরা ভালো করতে পারি, তাহলে ওই আত্মবিশ্বাসটা আসবে।’ বাংলাদেশের ১৭ সদস্যের ওয়ানডে দলে মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন ও তানভীর ইসলামের সঙ্গে স্পিন বিভাগে থাকছেন আলিস আল ইসলাম।

রহস্যময় স্পিনে ব্যাটারদের চাপে ফেলার সামর্থ্য থাকায় তার অন্তর্ভুক্তিকে ইতিবাচকভাবে দেখছেন সোহান। তিনি বলেন, ‘আলিস অনেকদিন ধরে ভালো করছে এবং অবশ্যই বাংলাদেশ দলের জন্য ভালো। এরকম একজন মিস্ট্রি স্পিনার থাকলে, যখন আমরা বাইরেও খেলি, আমার কাছে মনে হয়, প্রতিটি দলেই এই ধরনের কিছু বল করার (খেলোয়াড়) থাকে।’ আফগানিস্তানের শক্তির জায়গা তাদের স্পিন আক্রমণ। প্রতিপক্ষের এই সামর্থ্য মাথায় রেখেই কৌশল সাজাতে হবে বাংলাদেশকে। সোহান বলেন, ‘তাদের যেটা শক্তির জায়গা, ওই দিক থেকে আক্রমণ করার চেষ্টা করবে। স্পিন আক্রমণ তাদের ভালো। হয়তো স্পিনিং উইকেট হতে পারে।’

সংযুক্ত আরব আমিরাতের গরম আবহাওয়াও দুই দলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তবে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেয়ার ওপরই জোর দিচ্ছেন সোহান। তার ভাষায়, ‘গরম তো একটু আছে। তবে আমার কাছে মনে হয়, দুই দলের জন্যই সমান হবে। এই জায়গায় আমাদের যতটুকু সামর্থ্য আছে, আমরা যতটুকু মানিয়ে নিতে পারি, ওইটা চেষ্টা করবো।’ ত্রিদেশীয় সিরিজে ভালো করার পাশাপাশি ট্রফি জয়ের লক্ষ্যও বাংলাদেশের। সোহানের প্রত্যাশা, দলীয় পারফরম্যান্সে সেই লক্ষ্য পূরণ করে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারবে টাইগাররা।