আবুধাবি টেস্টের চতুর্থ দিনে যে রেকর্ড ছুঁয়েছিলেন, পঞ্চম দিনে সেটি ছাড়িয়ে গেলেন লিটন কুমার দাস। নিজের ৩২তম জন্মদিনে ৬০ বছর আগের বিশ্বরেকর্ড ভাঙলেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার। ইবাদত হোসেনের বাউন্সার ইকরাম আলিখিলের গ্লাভস ছুঁয়ে পেছনে যাওয়ার সময় ডান দিকে লাফিয়ে দুর্দান্ত ক্যাচ নেন লিটন। এর মধ্যদিয়ে টেস্ট ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে এক ম্যাচে দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান ও উইকেটের পেছনে ৯টি ডিসমিসালের রেকর্ড গড়েন তিনি। তবে লিটনের ব্যক্তিগত অর্জনও হাসি ফোটাতে পারেনি বাংলাদেশের মুখে। সতীর্থদের বাজে ফিল্ডিং ও আফগান ব্যাটারদের দৃঢ়তায় শেষ পর্যন্ত ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। চতুর্থ দিনেই উইকেটের পেছনে ৮টি ডিসমিসাল পূর্ণ করেছিলেন লিটন।
এর আগে এক টেস্টে বাংলাদেশের উইকেটকিপারদের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড ছিল খালেদ মাসুদ পাইলটের। ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৭টি ডিসমিসাল করেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। কিপিংয়ের পাশাপাশি এই টেস্টে ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন লিটন। বাংলাদেশের প্রথম ইনিংসে ৫৩ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেন ১০২ রানের ইনিংস। এর আগে ১৯৬৬ সালে জোহানেসবার্গ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসে ৬৯ ও ১৮২ রান করার পাশাপাশি উইকেটের পেছনে ৮টি ডিসমিসাল করেছিলেন দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসে। এত দিন সেটিই ছিল এই রেকর্ডের সর্বোচ্চ অর্জন। আবুধাবি টেস্টে ৮টি ক্যাচ ও একটি স্টাম্পিং করেন লিটন। তবে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড ভাঙতে পারেননি তিনি। ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের ঋষভ পন্তের দখলে রয়েছে সেই রেকর্ড। তিনজনই এক টেস্টে ১১টি করে ডিসমিসাল করেছেন।
