বিওএ থেকে পদত্যাগ করলেন তিন সদস্য

বিওএ থেকে পদত্যাগ করলেন তিন সদস্য

ফন্ট সাইজ:

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে (বিওএ) ভাঙনের সুর শোনা যাচ্ছে। এরই মধ্যে পদত্যাগ করেছেন নির্বাহী কমিটির তিন সদস্য- সাবেক তারকা ফুটবলার রুম্মান বিন ওয়ালী সাব্বির, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার বর্তমান সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা ও জিমনেস্টিকস ফেডারেশনের সেক্রেটারি হাবিবুর রহমান জামিল। গতকাল বিওএ মহাসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। সাবেক তারকা ফুটবলার সাব্বির ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি হয়ে বিওএ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছিলেন।

পদত্যাগপত্রে সাব্বির ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। পদত্যাগপত্রে সাব্বির লিখেছেন, ‘আমি দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সদস্য হিসেবে অর্পিত দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে ব্যক্তিগত, পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততা বৃদ্ধি পাওয়ায় আমার পক্ষে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সদস্য পদ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্ব অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। তাই সদস্য পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য আপনার সদয় মর্জি কামনা করছি।’ একটি সূত্র জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েকজন বিওএ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন।