রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ড্র দিয়ে ফেডারেশন কাপ শুরু করা ব্রাদার্স ইউনিয়ন দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে। গতকাল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৪-১ গোলের জয় তুলে নেয় গোপীবাগের দলটি। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমে এটিই ব্রাদার্সের প্রথম জয়। একইদিনে জয়ের খাতা খুলেছে নবাগত চট্টগ্রাম সিটি এফসিও। রহমতগঞ্জের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে হুলিও আলেহান্দ্রো মোরেনোর দল। বাংলাদেশ ফুটবল লীগে টানা তিন ম্যাচে হারের পর ফেডারেশন কাপের প্রথম ম্যাচেও জয় পায়নি চট্টগ্রাম সিটি। অবশেষে জয়ের দেখা পেলো বন্দরনগরীর ক্লাবটি। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমার্ধে সুলায়মান সিল্লার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফকিরেরপুল। তবে দ্বিতীয়ার্ধে চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রাদার্স। দলটির হয়ে জোড়া গোল করেন বদলি হিসেবে নামা আবদুল হালিম।
একটি করে গোল করেন থিয়াগো দ্য সিলভা ও সৈয়দ আলী রেজা। অন্য ম্যাচে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ৩৯ মিনিটে সাকিব ব্যাপারির গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম সিটি এফসি। ৫৭ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান জাফর ইকবাল। এরপর আক্রমণের ধার বাড়িয়ে ৬৫ মিনিটে কেনতা হারার গোলে এগিয়ে যায় চট্টগ্রাম সিটি। পাঁচ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে দলের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন জাফর। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম সিটি। অন্যদিকে, দুই ম্যাচে এক ড্র ও এক হারে ১ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রহমতগঞ্জ।
