ম্যান সিটির কঠিন শাস্তি দাবি স্টিভেন জেরার্ডের

ম্যান সিটির কঠিন শাস্তি দাবি স্টিভেন জেরার্ডের

ফন্ট সাইজ:

ইংলিশ প্রিমিয়ার লীগে এক দশকের আর্থিক অনিয়মের দায়ে অভিযুক্ত ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তুলেছেন লিভারপুলের কিংবদন্তি অধিনায়ক স্টিভেন জেরার্ড। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্লাবটির দীর্ঘমেয়াদী আর্থিক অনিয়ম প্রমাণিত হওয়ার ইংলিশ ফুটবলে সমালোচনার ঝড় বইছে। এর মধ্যেই সিটির শিরোপা কেড়ে নেয়া এবং তাদের ওপর বহুমুখী শাস্তিমূলক ব্যবস্থা আরোপের জোরালো দাবি জানিয়েছেন জেরার্ড।

২০১৩-১৪ মৌসুমে লিভারপুলের অধিনায়ক থাকাকালীন সিটির কাছেই প্রিমিয়ার লীগের শিরোপা হাতছাড়া হয় জেরার্ডের দলের। ট্রফি হাতছাড়া হওয়ার সেই ঐতিহাসিক আক্ষেপ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সিটির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।

জেরার্ড বলেন, ‘ক্লাবটিকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং তাদের অর্জিত শিরোপাগুলো কেড়ে নেয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘একটি দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন। বিগত বছরগুলোর তাদের সমস্ত সাফল্যের পাশে একটি করে তারকা চিহ্ন বা স্টার বসিয়ে দেয়া উচিত, যাতে সবাই জানে এই সাফল্যগুলো আসলে কী উপায়ে এসেছে।’

সিটিকে কেবল এককালীন নয়, বরং দীর্ঘ মেয়াদে ভোগাতে চান এই ইংলিশ কিংবদন্তি। অবনমন বা শুধু জরিমানা নয়, সিটির বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ হিসেবে ট্রান্সফার ব্যান এবং কয়েক বছরব্যাপী পয়েন্ট কাটার মতো কঠোর শাস্তি চান তিনি।

সিটির কারণে অন্যান্য দল ও সমর্থকদের যে মানসিক কষ্ট সহ্য করতে হয়েছে, তার প্রসঙ্গ টেনে জেরার্ড বলেন, ‘ওদের এমনভাবে শাস্তি দেয়া উচিত, যেন গত ৯-১০ বছর ধরে তারা বাকিদের যেভাবে ভুগিয়েছে, ঠিক তেমনি তারাও ভোগে।’

তবে ব্যক্তিগতভাবে কোনো পদক নেয়ার পক্ষে নন জেরার্ড। তিনি বলেন, ‘আমি এমন কেউ নই যে বলবো, সিটির একটা প্রিমিয়ার লীগ মেডেল আমাকে দেয়া হোক বা আমি তা নেবো। সেটি কখনোই একইরকম অনুভূতি দেবে না। আমি এটা মেনে নিয়েছি যে আমার ক্যারিয়ারে প্রিমিয়ার লীগ জেতা হয়নি।’

ম্যান সিটি সমর্থকদের অনেকেই যুক্তি দিয়েছেন যে, শাস্তির ভয়ে তাদের সোনালী স্মৃতিগুলো মুছে যাবে না। এর পাল্টা জবাবে জেরার্ডের প্রশ্ন-তাহলে ওই ৯ বা ১০ বছরে সিটির কারণে বাকি দলগুলোর যে কোটি কোটি ভক্ত তাদের আনন্দময় স্মৃতি থেকে বঞ্চিত হয়েছেন, তার দায় কে নেবে?