ইরানের নেতৃত্বকে টার্গেট করে যুক্তরাষ্ট্র ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছে: ডনাল্ড ট্রাম্প

ইরানের নেতৃত্বকে টার্গেট করে যুক্তরাষ্ট্র ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছে: ডনাল্ড ট্রাম্প

ফন্ট সাইজ:

ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র হয়তো বেশি বাড়াবাড়ি করে ফেলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি জানান, এই পদক্ষেপের কারণে ওয়াশিংটন এখন তেহরানের সঙ্গে সমঝোতা বা আলোচনা চালানোর মতো কোনো নির্দিষ্ট কর্মকর্তাকে খুঁজে পেতে বেগ পাচ্ছে। এ খবর জানিয়েছে আল জাজিরা।
ওহাইওর ইয়ংসটাউনে এক নির্বাচনী সমাবেশে ডনাল্ড ট্রাম্প বলেন, আমরা হয়তো দেশটির নেতাদের ব্যাপারে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছি, কারণ এখন আমরা কার সঙ্গে আলোচনা চালাব তা বুঝতেই হিমশিম খাচ্ছি। তিনি আরও দাবি করেন, কেউ আর ইরানের প্রেসিডেন্ট হতে চাচ্ছে না। সম্ভাব্য প্রার্থীরা এই দায়িত্ব নিতে অনিচ্ছুক বলেও দাবি করেন তিনি। তবে প্রকৃতপক্ষে ২০২৪ সালের জুলাই থেকেই মাসুদ পেজেশকিয়ান দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
ট্রাম্প বলেন, সত্যি বলতে, আমরা কার সঙ্গে কথা বলব তা বুঝতেই বড় ধরনের সমস্যায় পড়েছি। আমার মনে হয় আমরা সত্যিই বেশি দূর চলে গেছি। এ সময় ট্রাম্প তার আগের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, ইরান তাদের বিমানবাহিনী এবং বহরের সব (১৫৯টি) যুদ্ধজাহাজ হারিয়েছে। এসব জাহাজ এখন সাগরের তলদেশে ঘুমিয়ে রয়েছে বলে দাবি করেন তিনি।
উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর অব্যাহত হামলার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য সামনে এল। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানায়, গত ১লা অক্টোবর থেকে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে অন্তত ১৯টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।