শাহজালাল থেকে ৬১টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলা

শাহজালাল থেকে ৬১টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী

ফন্ট সাইজ:

সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার পর ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৯ হাজার ২৬৯ জন সৌদিগামী যাত্রী। রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণার পর এসব যাত্রী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

সিভিল এভিয়েশন অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবের বিমানবন্দরে হামলার প্রেক্ষিতে বাতিল হওয়া ৬১ ফ্লাইটের মধ্যে ডিরেক্ট ফ্লাইট ২২টি আর ট্রানজিট ফ্লাইট ৩৯টি। সবমিলিয়ে ৬১টি ফ্লাইটের প্রায় ৯ হাজার ২৬৯ জন যাত্রী সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে যেতে পারেননি। এ সংখ্যা পর্যায়ক্রমে বাড়বে।
বেবিচক সূত্র জানিয়েছে, বাতিল হওয়া ডিরেক্ট ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমানের ৯, ইউএস বাংলার ২, সৌদি এয়ারলাইন্সের ৪ ও রিয়াদ এয়ারওয়েজের ৭। আর ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ১৬, সালাম এয়ারের ৩, এমিরেটস এয়ারলাইন্সের ৯, ইজিপ্ট এয়ারের ১, কাতার এয়ারওয়েজের ৫ ও ফ্লাই দুবাইয়ের ৫টি ফ্লাইট বাতিল হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইউএস বাংলা এয়ারলাইন্স ২১শে অক্টোবর পর্যন্ত আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ তারিখ পর্যন্ত রিয়াদগামী সব ধরনের ফ্লাইট বাতিল করেছে।

বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের কেউ জানেন না কবে তারা সৌদি যেতে পারবেন। কবে আবার ফ্লাইট স্বাভাবিক হবে। হতাশা, অনিশ্চয়তা নিয়ে যাত্রীদের কেউ কেউ বিমানবন্দরে নির্ঘুম সময় কাটাচ্ছেন। আবার কেউ হোটেলে থাকছেন। আবার অনেকেই বাড়ি চলে যাচ্ছেন।
মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়া বেশির ভাগই যাত্রীই শ্রমিক। তাদের কাছে পর্যাপ্ত টাকা নেই যা দিয়ে ঢাকায় অবস্থান করবেন। টিকিটের টাকা নিয়ে অনেকেই চিন্তিত। কারণ এয়ারলাইন্সগুলো যদি টিকিট রিফান্ড না করে তবে অনেকেই বড় ধরনের আর্থিক সংকটে পড়বেন।