নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে বলে জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। গতকাল সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী। সভায় নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন এবং নতুন আন্তর্জাতিক ফ্লাইট চালুকরণে প্রয়োজনীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। সভায় দেশি-বিদেশি এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজারগণ সরাসরি ফ্লাইট চালুর ক্ষেত্রে তাদের মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী নভেম্বরে আন্তর্জাতিক বিমানবন্দরটি উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলার যাত্রায় বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্মিত এই বিমানবন্দরের মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকগণ সরাসরি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে ভ্রমণে আসতে পারবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৬শে অক্টোবর জাপান সফরে যাবেন এবং ২৯শে অক্টোবর দেশে ফিরবেন। এরপর তার সময় পাওয়া গেলে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে।
মন্ত্রী বলেন, কক্সবাজার থেকে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং সন্নিকটে। অন্যদিকে, ইউনান একটি স্থলবেষ্টিত প্রদেশ। তাই কক্সবাজার ও কুনমিংয়ের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু করা চায়না সাউদার্ন এয়ারলাইন্স ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের জন্য একটি সম্ভাবনাময় উদ্যোগ হতে পারে। এ ছাড়া এয়ার-এশিয়া পেনাংয়ের সঙ্গে কক্সবাজারের সরাসরি ফ্লাইট শুরু করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ সময় ফ্লাই দুবাই এয়ারলাইন্সের কক্সবাজার-ব্যাংকক-দুবাই ফ্লাইট চালুর আগ্রহকে স্বাগত জানান মন্ত্রী। নতুন ফ্লাইট চালুর ক্ষেত্রে এয়ারলাইন্সগুলোকে আর্থিক সুবিধা দেয়ার বিষয়টিও সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি।
সচিব ফাহমিদা আখতারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং দেশি-বিদেশি এয়ারলাইন্সের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
