এনসিটি ইজারা চুক্তি বাতিল না হলে ১৯শে অক্টোবর থেকে আমরণ অনশন

ফন্ট সাইজ:

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে করা ১৫ বছর মেয়াদি ইজারা চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তার দাবিতে গণ-অনশন করেছেন বন্দর শ্রমিকরা। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেয়া না হলে আগামী ১৯শে অক্টোবর থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার বন্দরের কাস্টমস মোড় এলাকায় ওয়ানস্টপ সার্ভিস সেন্টারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। জাতীয়তাবাদী শ্রমিক দল ও চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত গণ-অনশনে শতাধিক শ্রমিক-কর্মচারী ও আন্দোলনকারী অংশ নেন। তবে কর্মসূচি বিকাল চারটা পর্যন্ত চালিয়ে যাওয়ার কথা বললেও ২টার পর থেকে কাউকে আর ওই স্থানে দেখা যাইনি। গণ-অনশনে অংশ নেয়া নেতারা বলেন, এনসিটি ইজারা দেয়ার সিদ্ধান্তের ফলে বন্দর ও শ্রমিকদের স্বার্থ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চুক্তির আগে বন্দর ব্যবহারকারী ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হয়নি বলেও অভিযোগ করেন তারা। এসব বিষয়ে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার আহ্বান জানান আন্দোলনকারীরা।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন বলেন, চুক্তি স্বাক্ষরের দিন বিক্ষোভ মিছিল থেকে আলোচনার জন্য সরকারকে দুই দিন সময় দেয়া হয়েছিল। কিন্তু এ সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো উদ্যোগ নেয়া হয়নি। তাই পূর্বঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণভাবে গণ-অনশন পালন করছেন তারা। আন্দোলনকারীরা ঘোষণা দেন, সরকারের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেয়া না হলে আগামী ১৯শে অক্টোবর সকাল ৯টা থেকে বন্দরের ওয়ানস্টপ সার্ভিস সেন্টারের সামনে আমরণ অনশন শুরু করবেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাবেক সভাপতি তপন দত্ত, ডক শ্রমিক ইউনিয়ন চট্টগ্রামের সভাপতি মো. হারুন, চট্টগ্রাম বন্দর ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম এবং পরিষদের সমন্বয়ক মো. আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।